সিপাহীজলা জেলায় মুখ্যমন্ত্রী নিরাময় স্বাস্থ্য অভিযান ও প্যালিয়েটিভ কেয়ারে মানুষের আস্থা বৃদ্ধি

প্রগতি ত্রিপুরা, ১৪ আগস্ট, ২০২৬: সিপাহীজলা জেলায় স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করে তুলতে জেলা স্বাস্থ্য কার্যালয় ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে মুখ্যমন্ত্রী নিরাময় স্বাস্থ্য অভিযান (দ্বিতীয় পর্যায়) এবং প্যালিয়েটিভ কেয়ার কর্মসূচি। জেলা স্বাস্থ্য কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ মেগা স্বাস্থ্য শিবির, বাড়ি বাড়ি প্যালিয়েটিভ কেয়ার পরিষেবা এবং রোগ প্রতিরোধমূলক সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতার সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী নিরাময় স্বাস্থ্য অভিযানের আওতায় কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত বিশেষ স্বাস্থ্য শিবিরে ৪৩৮ জন বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। শিবিরে অসংক্রামক রোগের স্ক্রিনিং, মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা, চোখ ও দাঁত পরীক্ষা, ল্যাবরেটরি পরীক্ষা, স্বাস্থ্য কার্ড বিতরণ, আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তকরণ এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়।

একইভাবে টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরে ১৭৭ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও লিভারের রোগ, সিওপিডি, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি নির্ণয়, যক্ষ্মা শনাক্তকরণ, ক্যান্সারের প্রাথমিক স্ক্রিনিং, আয়ুষ পরিষেবা এবং আধার নিবন্ধনের মতো বহুমুখী পরিষেবাও সেখানে প্রদান করা হয়। তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও মেগা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়। জেলা স্বাস্থ্য কার্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্যালিয়েটিভ কেয়ার কর্মসূচি। দীর্ঘদিন শয্যাশায়ী, ক্যান্সার, স্ট্রোকসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মীরা এখন তাদের বাড়িতেই পৌঁছে যাচ্ছেন। সোনাপুর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ছয়জন গুরুতর অসুস্থ রোগীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

একইসঙ্গে রোগীদের নিয়মিত চিকিৎসা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে উচ্চতর চিকিৎসার জন্য রেফারেলের পরামর্শ দেওয়া হয়। তকশাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন তইজিলিং আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে বাড়ি বাড়ি প্যালিয়েটিভ কেয়ার পরিষেবা প্রদান করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা রোগীদের শারীরিক পরীক্ষার পাশাপাশি মানসিকভাবে সাহস জুগিয়েছেন এবং পরিবারের সদস্যদের রোগীর পরিচর্যা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এই উদ্যোগ রোগী ও তাদের পরিবারের কাছে এক মানবিক স্বাস্থ্যসেবার দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধেও সমান গুরুত্ব দিচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। উজান ঘনিয়ামারা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে খিলেন্দ্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ম্যালেরিয়া ও ডেঙ্গু বিষয়ক স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যকর্মীরা মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমা জল অপসারণ, মশারি ব্যবহার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন। শিবিরে ৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মহিলাদের বন্ধ্যাত্বকরণ শিবির, বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি, মুখ্যমন্ত্রী নিরাময় স্বাস্থ্য অভিযানে বিশেষ শিবির এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরভিত্তিক বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে মাতৃস্বাস্থ্য, পরিবার কল্যাণ, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও জোরদার করা হয়েছে। সিপাহীজলা জেলা স্বাস্থ্য কার্যালয়ের এই ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করেছে যে, স্বাস্থ্যসেবা এখন আর কেবল হাসপাতাল কেন্দ্রিক নয়, বরং তা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিরাময় স্বাস্থ্য অভিযান, মেগা স্বাস্থ্য শিবির এবং বাড়ি বাড়ি প্যালিয়েটিভ কেয়ার কর্মসূচির মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। বিশেষ করে প্রবীণ, শয্যাশায়ী ও অসহায় রোগীদের কাছে স্বাস্থ্যকর্মীদের এই মানবিক উপস্থিতি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে।

Recent Posts