অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি এলাকায় আজ স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা এবং ওজন ও পরিমাপ দপ্তরের উদ্যোগে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।গোমতী জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ শুভেন্দু দেববর্মার নেতৃত্বে এই অভিযানে মাতাবাড়ী এলাকায় তিনটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটি শপিং মল এবং একটি হোটেল পরিদর্শন করা হয়। অভিযানকালে আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলিতে খাদ্য উৎপাদনের পরিবেশ, প্যাকেজিং, লেবেলিং এবং খাদ্যপণ্যের মান সংক্রান্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ না থাকা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়াও কিছু ক্ষতিকারক খাদ্য রং ও মজুত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। খাদ্য সুরক্ষা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ৩টি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে একটি শপিং মলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত থাকার বিষয়টি নজরে আসে। সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলি বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে একটি হোটেলের ফ্রিজ থেকে উদ্ধার হওয়া বাসি খাদ্য ও মশলা নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি খাদ্যপণ্যের গুণমান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এই অভিযানকালে খাদ্য ব্যবসায়ীদের প্রতি খাদ্য সুরক্ষা বিধি, প্যাকেজিং ও লেবেলিং সংক্রান্ত নিয়ম এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এই ধরনের নিয়মিত পরিদর্শন ও নজরদারি অভিযান অব্যাহত থাকবে।সেই সঙ্গে সাধারণ নাগরিকদেরও খাদ্যপণ্য ক্রয় করার সময় উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্যাকেজিং ও লেবেল দেখে খাদ্যপণ্য ক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








