বিলোনীয়া এবং সাব্লুম মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি

অনলাইন ডেস্ক, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া এবং সাবুম মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন বিলোনীয়া এবং সাবুম মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে ৪ জনের বেশি একজায়গায় সমবেত হতে পারবেন না। রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং সাব্রুম ও বিলোনীয়া মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং যানবাহন ছাড়া অন্যকেউ চলাচল করতে পারবেনা।

আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি সমবেত হতে পারবে না, কোন অস্ত্র বা জিনিষপত্র যেমন লাঠি, ইটের টুকরো যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা বহণ করা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকায় ঘাস খাওয়ানো সহ হেঁটে বা যানবহনে কোন পশু বহণ করা যাবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে ১ কিলোমিটার এলাকা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য (চিনি, শিশু খাদ্য, টায়ার ও টিউব, সর্ষের তেল, ডাল প্রভৃতি সহ) প্রয়োজনের অতিরিক্ত বহণ করা যাবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে ১ কিলোমিটার এলাকায় হাট/বাজার/দোকান রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত খোলা যাবে না।

সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত সীমান্তবর্তী নদীতে ফেরি চলাচল বন্ধ থাকবে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, মিলিটারি/প্যারা মিলিটারি ফোর্সেস এবং রাজ্য পুলিশের চলাচলের ক্ষেত্রে, দক্ষিণ জেলার পুলিশ সুপার এবং মহকুমা শাসকদের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে, জরুরী অফিসের কাজে নিয়োজিত কর্মচারির ক্ষেত্রে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীর চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিধিনিষেধ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts