অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: খোয়াই জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিভিন্ন রোগের জটিল অস্ত্রোপচার সহ সঠিক চিকিৎসা পরিষেবা লাভ করে অনেক রোগী উপকৃত হচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর খোয়াই জেলা হাসপাতালের বিশেষজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকের তৎপরতায় এক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। যার ফলে মহিলা প্রাণ ফিরে পেয়েছেন। বাইজালবাড়ি এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলা খোয়াই জেলা হাসপাতালে গত ৭ সেপ্টেম্বর ভর্তি হন। এই মহিলার সিজারিয়ান প্রসবের প্রয়োজন হয়। হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক সিজারিয়ান প্রসবের মাধ্যমে মহিলার পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক সিজারিয়ান প্রসবের পাশাপাশি মহিলার বাম ডিম্বাশয়ের একটি বিশাল টিউমার সফলভাবে অপসারণ করেন। উল্লেখ্য, এই মহিলা প্রথমবারের গর্ভবতী ছিলেন। তিনি খোয়াই জেলা হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডাঃ অর্ঘ্য মাল্য দেববর্মার তত্ত্বাবধানে ভর্তি ছিলেন। তিনি মহিলার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় তাঁর বাম ডিম্বাশয়ে একটি বড় আকারের টিউমারের অস্তিত্ব শনাক্ত করেন।
এরপর রোগীর পরিবারের সদস্যদের সম্মতিক্রমে খোয়াই জেলা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন করেন। প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডাঃ অর্ঘ্য মাল্য দেববর্মার নেতৃত্বে একটি টিম অস্ত্রোপচারের মাধ্যমে তিন কেজি ওজনের একটি সুস্থ পুত্রসন্তানের প্রসব করান এবং একই সময়ে প্রায় ৩.২–৩.৫ কেজি ওজনের বিশাল টিউমার সফলভাবে অপসারণ করেন, যাতে সম্পূর্ণ অস্ত্রোপচারে আনুমানিক সময় প্রায় এক ঘণ্টা লাগে। সম্পূর্ণ এই অস্ত্রোপচারটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। আজ তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এই সফল অস্ত্রোপচার খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং জটিল রোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত,যা সাধারণ মানুষের মনে আস্থা ও বিশ্বাস আরো বৃদ্ধি পাবে। উক্ত অস্ত্রোপচার টিমে ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্ঘ্য মাল্য দেববর্মা, ডাঃ দিবাকর দেববর্মা, অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ বিশ্বজিৎ দেববর্মা, নার্সিং অফিসার তৃণময় দেববর্মা, শ্যামলী দেববর্মা ও সুজাতা দাস এবং ওটি অ্যাসিস্ট্যান্ট শান্ত কুমার ত্রিপুরা প্রমুখ। খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।









