অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ মোহনপুরের তুলাবাগানস্থিত সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক স্কুল স্পোর্টস মিট-২০২৬-এর অন্তর্গত অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পশ্চিম ত্রিপুরা জেলার তিনটি মহকুমা থেকে মোট ৫৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের কাউন্সিলর কার্তিক আচার্য ও পূর্ণিমা দাস, মোহনপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. দীপ দেবনাথ ও ডা. সায়ন্তিকা ভৌমিক, পিএম-শ্রী উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মিহির বিজয় ভৌমিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহনপুর পুর পরিষদের কাউন্সিলর কার্তিক আচার্য যুবসমাজকে নেশা ও বিভিন্ন নেতিবাচক কার্যকলাপ থেকে দূরে থেকে খেলাধুলায় আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। স্বাগত বক্তব্যে মোহনপুর মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে না, এর মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনারও বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা শেষে রাজ্য স্তরের প্রতিযোগিতায় পশ্চিম ত্রিপুরা জেলার প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য ১৭ জন খেলোয়াড়কে নিয়ে একটি ফুটবল দল গঠন করা হয়।








