অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: আজ তেলিয়ামুড়া মহকুমা সরকারি ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রদীপ জ্বেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শ্রী দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, পুর পরিষদের সদস্য অচিন্ত্য ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সহ অধিকর্তা প্রমোদ আচার্য। অনুষ্ঠান উপলক্ষ্যে কলেজস্তরে প্রবন্ধ ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার প্রদান করা হয় ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ওপেন ক্যুইজ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের সহকারি অধ্যাপিকা ড. পৃথা দাস।








