অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: যথাযোগ্য মর্যাদায় আজ নলছড় ব্লক এলাকায় দুর্লভনারায়ণ কমিউনিটি হলে সোনামুড়া মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, ভাবাদর্শ এবং সমাজের প্রতি তাঁর অবদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় সমাজ ও দেশের কল্যাণের স্বার্থে যে পথ কিংবা আদর্শ আমাদের জন্য রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একটি জীবন আদর্শের নাম এবং তিনি আমাদের সামনে নিয়ে এসেছিলেন একটি সাংগঠনিক সংস্কৃতি, যেটা হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের দর্শন। উচ্চশিক্ষা মন্ত্রী পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন আদর্শ ও চিন্তাধারাকে নিজেদের জীবনে ধারণ করে প্রত্যেককে সমাজ ও দেশের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা বিশিষ্ট সমাজসেবী লোকজিৎ দেবনাথ। স্বাগত ভাষণ দেন সিপাহীজলা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা গৌতম দাস। স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অরিন্দম দাস, সিপাহীজলা জিলা পরিষদের সদস্য মিনাক্ষী দাস, সমাজসেবী রতন নন্দী, রুদ্রসাগর উদ্বাস্তু ফিসারম্যান সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকল অতিথিরা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।









