অনলাইন ডেস্ক, ০৭ অক্টোবর, ২০২৬: অটল বয়ো অভ্যুদয় যোজনার অধীনে রাজ্য অ্যাকশন প্ল্যানে অনুমোদিত সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে প্রবীণ নাগরিক ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে আন্তঃপ্রজন্মের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে তেলিয়ামুড়ায় গতকাল মনসামঙ্গল প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। গতকাল তেলিয়ামুড়া টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া বিএসি’র ভাইস চেয়ারম্যান প্রশান্ত হরি জামাতিয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব। অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া আইসিডিএস এর সিডিপিও পৃথীলা প্রসূন দাস এবং তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য। স্বাগত বক্তব্য রাখেন পৃথীলা প্রসূন দাস, সিডিপিও, তেলিয়ামুড়া আইসিডিএস। অনুষ্ঠানে মোট ১২ টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে তিনজন করে নবীন ও প্রবীণ শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী দলগুলিকে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়।








