নয়াদিল্লি, ২৬ নভেম্বর : প্যাকেজড পানীয় জল এবং মিনারেল ওয়াটারের গুণমান নিশ্চিত করতে দেশজুড়ে নজরদারি ও অভিযান আরও জোরদার করার নির্দেশ দিল ভারতীয় খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কমিশনার এবং আঞ্চলিক অধিকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশিকায় এফএসএসএআই জানিয়েছে, আধিকারিকদের নিয়মিত পরিদর্শন এবং ঝুঁকি-ভিত্তিক নমুনা সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কোনও ধরনের অনিয়ম বা বিধিভঙ্গ ধরা পড়লে খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর আওতায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাধ্যতামূলক বিআইএস শংসাপত্রের নিয়ম শিথিল করার পর সম্প্রতি প্যাকেজড পানীয় জল এবং মিনারেল ওয়াটারকে ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ খাদ্যশ্রেণি’-র অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই প্রেক্ষিতেই সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে এই কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এফএসএসএআই-এর তরফে আরও জানানো হয়েছে, প্রতিটি পরিদর্শন, সংগৃহীত নমুনা এবং পরীক্ষাগারের রিপোর্টের সমস্ত তথ্য ‘ফুড সেফটি কমপ্লায়েন্স সিস্টেম’ পোর্টালে নথিভুক্ত করতে হবে, যাতে নিয়মিত পর্যবেক্ষণ এবং পর্যায়ক্রমিক পর্যালোচনা চালানো সম্ভব হয়।









