ঝাড়্গ্রাম, ২৬ নভেম্বর : চাকরির পরীক্ষায় লিখিত পর্ব পেরিয়ে ইন্টারভিউয়ের দরজায় পৌঁছেছেন অনেকেই। কিন্তু ইন্টারভিউয়ের টেবিলে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, কীভাবে কথা বলতে হবে কিংবা কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরতে হবে, তা নিয়ে অনেকের মধ্যেই থাকে সংশয়। চাকরিপ্রার্থীদের সেই ভয় কাটিয়ে প্রস্তুত করে তুলতে বিশেষ উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ লাইনে রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) পদে চাকরিপ্রার্থীদের নিয়ে আয়োজন করা হয় মক ইন্টারভিউ। ঝাড়গ্রাম শহর থেকে শুরু করে বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও লালগড়-সহ জেলার বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীরা এই উদ্যোগে অংশগ্রহণ করেন। তিনটি আলাদা ইন্টারভিউ রুম তৈরি করে তাঁদের মক-ইন্টারভিউ নেওয়া হয়। ডিএসপি ট্রাফিক আমির সোহেল, ডিএসপি (ডিএনটি) শ্রেয়া সরকার এবং ডিএসপি (হেডকোয়ার্টার) সমীর অধিকারীর নেতৃত্বে পুলিশ আধিকারিক ও কর্মীরা এই প্রক্রিয়ায় অংশ নেন।জেলা পুলিশের ‘লক্ষ্যভেদ’ কর্মসূচির অঙ্গ হিসেবেই এই মক-ইন্টারভিউয়ের আয়োজন করা হয়।
জেলার যুবক-যুবতীদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এর আগেও রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের আগে চাকরিপ্রার্থীদের জন্য একই ধরনের উদ্যোগ নিয়েছিল জেলা পুলিশ। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর থেকে রাজ্য পুলিশের এসআই পদের ইন্টারভিউ শুরু হচ্ছে। তার ঠিক আগের দিন জেলা পুলিশের এই উদ্যোগে খুশি চাকরিপ্রার্থীরা। মক-ইন্টারভিউয়ে অংশ নেওয়া স্বরূপ সাউ বলেন, “এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। নিজের বেশ কিছু ভুল ও খামতি আধিকারিকরা ধরিয়ে দিয়েছেন। সেই ভুল কীভাবে সংশোধন করতে হবে, তারও পরামর্শ দিয়েছেন। এই উদ্যোগের ফলে ইন্টারভিউ দেওয়ার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে।”জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন, “চাকরিপ্রার্থীরা যাতে তাঁদের স্বপ্নের চাকরিতে সফল হতে পারেন, সেই লক্ষ্যেই মক-ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। ইন্টারভিউয়ের সময় তাঁদের কোথায় ভুল হচ্ছে, তা চিহ্নিত করে সংশোধনের পথ দেখানো এবং আত্মবিশ্বাস বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।”








