নেপালে হড়পা বানে বিপর্যয় : নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

কাঠমান্ডু, ২৬ নভেম্বর : চলতি বছরের ২৬ আগস্ট নেপালের ত্রিশূলী-ভোটে কোশী নদী অববাহিকায় ঘটে যাওয়া ভয়াবহ হড়পা বানের পর থেকে যাঁরা এখনও নিখোঁজ রয়েছেন, তাঁদের মৃত বলে অনুমান ও ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। বুধবার কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, নেপালের জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সরকারি ওয়েবসাইটে নিখোঁজ ২১৩ জন ভারতীয় নাগরিকের একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় কোনও নাম সংযোজন বা সংশোধনের প্রয়োজন থাকলে সে বিষয়ে আপত্তি ও আবেদন জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের নির্দেশিকা অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের যদি এই তালিকা নিয়ে কোনও উদ্বেগ থাকে বা কোনও পরিবর্তনের প্রস্তাব দেওয়ার থাকে, তবে তাঁদের আগামী ২ ডিসেম্বর, ২০২৬ তারিখের আগে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের পর তালিকাটি চূড়ান্ত হলে নেপালের স্থানীয় প্রশাসনের কাছ থেকে মৃত ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করবে ভারতীয় দূতাবাস।
Recent Posts