সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী, ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা ২৯ জানুয়ারি থেকে

অনলাইন ডেস্ক, ২২জানুয়ারী, ২০২৫: হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। ১৫ দিন ব্যাপী মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৯ জানুয়ারি বিকাল ৫টায় শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ শিল্প ও বাণিজ্য দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, এবছর শিল্প ও বাণিজ্য মেলায় ৫১৫টি স্টল থাকবে। এরমধ্যে স্থানীয় শিল্পদ্যোগীদের ৩৩৭টি স্টল এবং জাতীয়স্তরের উদ্যোগীদের ১১৪টি স্টল খোলা হবে। তাছাড়াও গতবছরের মত এবছরও উদ্ভাবনী ও অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী, স্টার্ট আপ, ড্রোন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, স্বয়ংক্রিয় মেশিন ইত্যাদির মতো অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনী থাকবে। মেলাতে সরকারি দপ্তর, পিএসইউ, বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক এবং জাতীয়স্তরের খ্যাতনামা প্রদর্শকরাও তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন বলে আশা করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, শিল্প ও বাণিজ্য মেলা চলাকালীন আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি হোটেলে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। এই কনক্লেভে রাজ্য ও বহির্রাজ্যের ১৫০ জনেরও বেশি সম্ভাব্য বিনিয়োগকারী অংশ নেবেন।

এই কনক্লেভে পর্যটন, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মত নির্দিষ্ট কয়েকটি বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হবে। ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের প্রধান বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরার জন্যই এই কনক্লেভের আয়োজন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, গতবছর ৩৪তম শিল্প ও বাণিজ্য মেলায় ৬ কোটি ২৮ লক্ষ টাকার ব্যবসা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন এবছর শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসার পরিমাণ আরও বাড়বে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে