অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী, ২০২৫: ডুকলি শিল্পাঞ্চলে আজ লজিস্টিক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (টিআইডিসিএল) এর চেয়ারম্যান নবাদল বণিক। এটি শিল্পাঞ্চলে প্রথম লজিস্টিক পার্ক। এই পার্ক রাজ্যের শিল্প প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে নতুন যুগের সূচনা করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিআইডিসিএল’র চেয়ারম্যান নবাদল বণিক বলেন, রাজ্যে শিল্পের অবকাঠামো শক্তিশালী করার জন্য টিআইডিসিএল কাজ করে চলেছে। এই লজিস্টিক পার্ক স্থাপনের ফলে শিল্পাঞ্চলের ভেতরে এবং বাইরে পরিচালিত ব্যবসাগুলি উপকৃত হবে। তাতে অত্যাধুনিক স্টোরেজ, গুদামজাতকরণ এবং পরিবহণ সুবিধা প্রদান করা হবে। ভুতুরিয়া লজিস্টিক পার্ক প্রাইভেট লিমিটেড ডুকলি শিল্পাঞ্চলের ১৬.২১ একর জমিতে গড়ে উঠবে।
২ পর্যায়ে পার্কটি তৈরি করা হবে। বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। আশা করা হচ্ছে কর্মসংস্থান হবে প্রায় ২০,০০০ জনের। দ্বিতীয় পর্যায়ে ১,৩০,০০০ বর্গফুট আচ্ছাদিত জায়গায় গুদাম নির্মাণ সম্পন্ন হবে এবং প্রকল্পের ব্যয় হবে ১২০ কোটি টাকা।









