অনলাইন ডেস্ক, ০১ ফেব্রুয়ারী, ২০২৫ : ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল গতকাল বোধজংনগর ও আর কে নগর শিল্পাঞ্চল পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বোধজংনগর শিল্পাঞ্চলে ধর্ম পাল সত্য পাল লিমিটেড-এর রাবার সুতা উৎপাদন কারখানা পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি এর পর আর কে নগর শিল্পাঞ্চলে নর্থ ইস্ট ভিনিয়ার এবং প্লাইউড এনএলপি ইউনিট পরিদর্শন করেন। এখানে রাবার কাঠ থেকে সাটারিং প্লাইউড উৎপাদন করা হয়। এর পর প্রতিনিধি দলটি বাঁশ থেকে বিভিন্ন পন্য উৎপাদন কারখানা মুথা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিদর্শন করেন।
শিল্প কারখানাগুলি পরিদর্শনের সময় অর্থ কমিশনের প্রতিনিধি দল কারখানার পরিচালন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ উপস্থিত ছিলেন।









