অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫: ইটভাট্টা শ্রমিকদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান ও এইচআইভি/এইডস শনাক্তকরণের লক্ষ্যে খোয়াই জেলার অধীন চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির লিঙ্ক ওয়ার্কার স্কিম শাখার যৌথ উদ্যোগে উত্তর রামচন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এলাকার এমবিসি ইটভাট্টায় গত ১২ ফেব্রুয়ারি, ২০২৫ স্বাস্থ্য শিবির ও এইচআইভি/এইডস শনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তাতে মোট ৪০ জনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও এদিন মোট ৮৫ জনের এইচআইভি স্ক্রিনিং করা হয়। কিন্তু কারও রক্তে এইচআইভি পাওয়া যায়নি। স্বাস্থ্যকর্মীরা ইট ভাট্টার পরিযায়ী শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করার পাশাপাশি এইডস নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।
এই সভায় আলোচনা প্রসঙ্গে এইডস কন্ট্রোল সোসাইটির ক্লাস্টার লিঙ্ক ওয়ার্কার(সিএলডব্লিউ)সমীরণ দেব ও প্রজাসম চৌধুরী এইচআইভি/এইডস এর ভয়াবহতা, এই রোগের কারণ ও তার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা প্রসঙ্গে সমীরণ দেব শ্রমিকদের উদ্দেশ্য বলেন, এইডস প্রতিরোধযোগ্য রোগ।
সবাই সচেতন থাকলে অনায়াসে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব। যেহেতু এক জায়গায় দীর্ঘ সময় থাকেন না, কাজের সূত্রে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করা হয়,ফলে জীবনযাত্রার মান সুরক্ষার স্বার্থে এই ধরনের রোগের সম্ভাবনা থেকে যায়।তাই একমাত্র সচেতনতাই পারে এইচআইভি/এইডস থেকে সবাইকে মুক্ত রাখতে।
উক্ত কর্মসূচির সফল পরিচালনায় উপস্থিত ছিলেন এমপিএস শৈলেন দাস, ফার্মাসিস্ট প্রদীপ শুক্ল বৈদ্য, ল্যাব টেকনিশিয়ান বৈশাখী দাস এবং ক্লাস্টার লিঙ্ক ওয়ার্কার সমীরণ দেব ও প্রজাসম চৌধুরী। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।









