অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫: রাজ্যের জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রাজ্যজুড়ে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। গোমতী জেলার অধীন অমরপুর মহকুমা হাসপাতালে গত ১৩ ফেব্রুয়ারি,২০২৫ এক মেগা চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। তাতে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে চোখের সমস্যা নিয়ে আসা মোট ৭৫ জন রোগীদের চক্ষু পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৫ জনের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানির সফল অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর প্রত্যেককে বিনামূল্যে কালো চশমা সহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। বাকীদের চোখের অন্যান্য সমস্যা ছিল। তাদেরকেও চিকিৎসা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এদিন স্টেট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটির প্রোগ্রাম অফিসার ডাঃ রবীন্দ্র দাসের নেতৃত্বে ও গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং-এর সহায়তায় একটি চিকিৎসক দল এই মেগা চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন করেন।
তাতে অংশগ্রহণ করেন চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ স্যামুয়েল দেববার্মা ও ডাঃ ছান্দম আচার্য। এছাড়াও এই টিমে ছিলেন অপটোমেট্রিস্ট ভবতোষ শীল, সৌরভ চক্রবর্তী, রাণা বৈদ্য ও সংগীতা সূত্রধর, নার্সিং অফিসার রীণা দাস ও কুসুম চক্রবর্তী। প্রত্যন্ত অঞ্চল থেকে চোখের সমস্যা নিয়ে আসা রোগীরা ও রোগীদের পরিজনেরা স্বাস্থ্য দপ্তর কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা ও চোখের ছানির সফল অস্ত্রোপচারের সুযোগ পেয়ে স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা জানান। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।









