অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৬: ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস-এর উত্তর ত্রিপুরা ও উনকোটি জেলা ডিভিশনের যৌথ উদ্যোগে আজ পানিসাগর ফায়ার স্টেশনে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে মোট ১২৪ জন রক্তদাতা রক্তদান করেন। উক্ত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘মানুষের জীবন রক্ষার্থে রক্তদান অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি মানবিক কাজ। রক্তদাতাদের এই অবদান সমাজকে এক নতুন দিশা দেখায়।’ দেশের সেবা ও সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর জওয়ানদের রক্তদানে এগিয়ে আসার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশরক্ষার পাশাপাশি বিভিন্ন বাহিনীর সেনা জওয়ানরাও রক্তদানে এগিয়ে এসেছেন, এটা অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ।
রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, পানিসাগরের মহকুমা পুলিশ আধিকারিক কিশলয় সিসোদিয়া, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের উত্তর ও উনকোটি জেলার ডিভিশনাল ফায়ার অফিসার শরেন্দ্র ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. দীপক চন্দ্র হালদার প্রমুখ। এদিনের রক্তদান শিবিরে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের ফায়ারম্যান, বিএসএফ ও আসাম রাইফেলস এর জওয়ানদের পাশাপাশি এনএসএস ভলান্টিয়ার এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা রক্তদান করেন।








