ত্রিপুরায় হাঁস পালন অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে: রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৬: মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার লোক ভবনে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) সদস্যদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরায় হাঁস পালন ক্ষেত্রের বিপুল সম্ভাবনা রয়েছে, যা গ্রামীণ জীবিকার উন্নয়ন এবং স্থানীয় মানুষের জন্য টেকসই আয় সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জাতীয় স্তরে ক্যাটাগরি-৫ (ই-গভর্ন্যান্স)-এ দ্বিতীয় স্থান (সিলভার অ্যাওয়ার্ড) অর্জনের জন্য রাজ্যপাল মোহনপুর আরডি ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও সংবর্ধনা জানান। উল্লেখ্য, আজকের কর্মসূচি ছিল লোক ভবনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণের তৃতীয় পর্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব ইউ. কে. চাকমা, বিজয়নগর পঞ্চায়েতের প্রধান, মোহনপুর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক এবং ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। লোক ভবন থেকে এসংবাদ জানানো হয়েছে।