অনলাইন ডেস্ক,৪ আগস্ট, ২০২৬: চিন্ময়া মিশনের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে চিন্ময়া অমৃত যাত্রায় অংশগ্রহণকারীরা আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। উল্লেখ্য, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রায় ২৫ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করে চিন্ময়া অমৃত যাত্রার এই দলটি ত্রিপুরায় প্রবেশ করে। আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অভিযাত্রীদের দলের পক্ষ থেকে চিন্ময়া সেবা ট্রাস্ট ত্রিপুরা শাখার স্বামী মিত্রানন্দ এই চিন্ময়া অমৃত যাত্রার অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।
আজ সাক্ষাৎকারকালে এই চিন্ময়া অমৃত যাত্রায় ২৩ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারকালে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সমাজের ভালো কাজের জন্য স্বচ্ছতা ও সততা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা শুধুমাত্র বিভিন্ন বিষয়ে বইয়ের পাতা থেকেই শিক্ষা গ্রহণ করি। শিক্ষার পাশাপাশি প্রকৃত জ্ঞান অর্জন করার দরকার। সেই কাজ বা সেবা করে যাচ্ছে চিন্ময়া মিশন। চিন্ময়া মিশনের শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠা সম্ভব। মুখ্যমন্ত্রী বলেন, সঠিক দিশায় চলতে হলে মনকে সঠিকভাবে চালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্ময়া মিশনের শিক্ষা পদ্ধতি মনকে সঠিক দিশায় চালিত করা শিখায়। সনাতনী ভাবধারায় শিক্ষা প্রসারের ক্ষেত্রে চিন্ময়া মিশনের গুরুত্ব অপরিসীম।
দেশের বেশিরভাগ মানুষেরই সনাতনী ভাবধারা সম্বন্ধে জ্ঞান নেই। সেই সনাতনী শিক্ষা ও প্রসারের কাজটাই করে যাচ্ছে চিন্ময়া মিশন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে এটা আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষেরই মূল পরিচয় সে একজন মানুষ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই গণ্য করে থাকেন। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য আগে দেশের সেবা। একটা দেশ ও রাজ্যে এগিয়ে নিয়ে যেতে ছাত্র ও যুব সমাজের সঠিক পথে চলা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। চিন্ময়া মিশনের শিক্ষা ও প্রচার ছাত্র ও যুব সমাজকে সঠিক দিশায় চলতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মুখ্যমন্ত্রী চিন্ময়া মিশনের এই চিন্ময়া অমৃত যাত্রা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে শুভকামনা জ্ঞাপন করেন। সাক্ষাৎকারকালে চিন্ময়া মিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বই উপহার দেওয়া হয়। এছাড়া চিন্ময়া অমৃত যাত্রায় অংশগ্রহণকারী আগতরা তাদের অভিজ্ঞতার কথাও মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। উপস্থিত ছিলেন চিন্ময় সেবা ট্রাস্ট ত্রিপুরা শাখার সম্পাদক কেশব লাল রায়।









