অনলাইন ডেস্ক, ৫ অগাস্ট,২০২৬: যক্ষ্মা রোগমুক্ত ত্রিপুরা এবং দেশ গড়তে রাজ্যের যুব সমাজকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি পঞ্চায়েতকে যক্ষ্মা রোগমুক্ত পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতেও আহ্বান জানিয়েছেন তিনি। আজ সকালে আগরতলার প্রজ্ঞাভবনে টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে যক্ষ্মা রোগ বিষয়ে সচেতনতা কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল এই আহ্বান জানান।
রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল হেলথ মিশন এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্বোধন করে রাজ্যপাল বলেন, যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াই কেবল একটি চিকিৎসাগত চ্যালেঞ্জ নয় এটি আমাদের সম্মিলিত ইচ্ছা, সামাজিক সংহতি এবং প্রতিটি নাগরিকের কল্যাণে অবিচল থাকার অঙ্গীকারও। এই অভিযানের মূল লক্ষ্য হলো যক্ষ্মা রোগীদের সনাক্তকরণ আরও বাড়ানো, দ্রুত রোগ নির্ণয় করা, ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা আরও উন্নত করা।
রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে যক্ষ্মা রোগ মুক্ত করার কথা উল্লেখ করেন। সেই লক্ষ্য পূরণে রাজ্য সরকারও প্রতিশ্রুতিবদ্ধ। টিবিমুক্ত ত্রিপুরা গড়ে তোলা আমাদের সম্মিলিত দায়িত্ব এবং কর্তব্য। জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ নাগরিকদের এই লক্ষ্য পূরণে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য রাজ্যপাল গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল টিবি মুক্ত ভারত অভিযান অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি কয়েকজন যক্ষ্মা রোগীর হাতে আনুষ্ঠানিকভাবে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়া তিনি নিক্ষয় মিত্রদের শংসাপত্র দিয়ে সম্মানিত করেন। নীপকো, নেডফি, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরাকেও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা স্টেট টিবি অফিসার নূপুর দেববর্মা টিবি মুক্ত ভারত অভিযানের বিষয়ে আলোচনা করেন। যক্ষ্মা রোগ থেকে সুস্থ হয়ে উঠা কয়েকজন তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, এন.এইচ.এম.-এর যুগ্ম মিশন অধিকর্তা জুবিলি দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপস্যাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ঋষিরাজ ছেত্রী। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।







