৫ দিনব্যাপী হ্যান্ডলুম এক্সপোর উদ্বোধন

অনলাইন ডেস্ক, ০৭ অগাস্ট, ২০২৬: হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে আজ থেকে পূর্বাশার আরবান হাটে ৫ দিনব্যাপী হ্যান্ডলুম এক্সপো শুরু হয়েছে। এই প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল স্লোগানকে রাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য স্থানীয় উৎপাদিত পণ্য বেশি করে কিনতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যে উৎপাদিত তাঁতবস্ত্রের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সরকারও তাঁত শিল্পের প্রসারের জন্য নানা উদ্যোগ নিয়েছে।

বিশেষ সচিব কুন্তল দাস রাজ্যের ঐতিহ্যবাহী হস্ততাঁত ও হস্তকারু শিল্প সামগ্রী ক্রয় করতে ব্যাপক সংখ্যায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হস্ততাঁত ও হস্তকারু শিল্প দপ্তরের অতিরিক্ত সচিব অজিত শুক্লদাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য। বিধায়ক মিনারাণী সরকারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন অংশ থেকে শিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন।

Recent Posts