২৪ আগস্ট, ২০২৬: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা, বন, পানীয়জল সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলায় জনকল্যাণে গৃহীত যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।পাশাপাশি প্রতিটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গুণগতমান যাতে বজায় থাকে সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সরকারি সুযোগ সুবিধা যেন প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সাথে পৌঁছায় সে বিষয়ে জেলাস্তরের আধিকারিকদের নিয়মিত তদারকি করতে হবে।
বিভিন্ন প্রকল্প রূপায়ণে দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। পর্যালোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক নন্দিতা রিয়াং, বিধায়ক পল দাংশু, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক স্বপ্না দাস পাল সহ বিভিন্ন দপ্তরের সচিব এবং রাজ্যস্তরের পদস্থ আধিকারিকগণ ও ধলাই জেলার জেলাশাসক সহ আধিকারিকগণ। আজকের পর্যালোচনা সভার পরিপ্রেক্ষিতে দপ্তরগুলি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে তা আগামী তিন মাস পর পর্যালোচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী সভায় জানান।









