২৪ আগস্ট, ২০২৬: নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। কাজের গুণগতমান বজায় রাখতে হবে। তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ বিলোনীয়া সার্কিট হাউসে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সভায় এই কথাগুলি বলেন। পর্যালোচনা সভায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, পানীয়জল, সেচ ব্যবস্থা, গ্রামোন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, দূর্গাপূজা, গড়িয়া পূজা, পৌষ সংক্রান্তি, ইত্যাদি উৎসবের মরশুমে জবকার্ডধারী মানুষ যাতে বেশি সংখ্যায় কাজের সুযোগ পান এবং সঠিক সময়ে কাজের অর্থ গ্রহণ করতে পারেন সেদিকে সংশ্লিষ্ট আধিকারিকদের গুরুত্ব দিতে হবে।
অগ্রাধিকার নির্ণয় করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে দায়িত্ব নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ করতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেন তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলায়ু মগ, বিধায়ক অশোক মিত্র, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহ: সাজ্জাদ পি, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস প্রমুখ। এছাড়াও সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার (দে), বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য উপস্থিত ছিলেন। বিভিন্ন দপ্তরের জেলাস্তরীয় আধিকারিকগণ, বিএসি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন। তপশিলিজাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বিলোনীয়া মহকুমার দক্ষিণ মতাই ও বাঁশ পদুয়া পঞ্চায়েতে ২ জন মৎস্যচাষির মাছের হ্যাচারির উদ্বোধন করেন।









