শানখলা ইন্ডাস্ট্রি বাজারে দ্বিতল মার্কেট স্টলের উদ্বোধন, জনজাতি এলাকার বাজারগুলিতে আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে: শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট, ২০২৬: উন্নত ও সুসংগঠিত বাজার শুধু ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি করে না, সাধারণ ক্রেতাদের জন্যও নিরাপদ, পরিচ্ছন্ন ও সুবিধাজনক পরিবেশ তৈরি করে। আজ হেজামারা ব্লকের শানখলা ইন্ডাস্ট্রি বাজারে দ্বিতল মার্কেট স্টলের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা একথা বলেন। তিনি আশা প্রকাশ করেন ইন্ডাস্ট্রি বাজারের এই পরিকাঠামোগত উন্নয়ন স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। উল্লেখ্য, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পে এই দ্বিতল মার্কেট স্টলটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ৭৮ হাজার টাকা। নবনির্মিত মার্কেট স্টলে ২০টি কক্ষ রয়েছে। তাছাড়া শানখলা ইন্ডাস্ট্রি বাজারের পরিকাঠামো উন্নয়নমূলক কাজের অঙ্গ হিসেবে একটি মাছ ও মাংস বিক্রয়ের শেড, পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগার, পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য আরও উন্নত সুযোগ তৈরি করা। বাজারের এই উন্নত পরিকাঠামো কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ইন্ডাস্ট্রি বাজারের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি জনজাতি বিভিন্ন এলাকার বাজারগুলিতেও আধুনিক ও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। জনজাতি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের স্বনির্ভরতা সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। তিনি নতুন পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার সহ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। সকলের প্রচেষ্টায় এই বাজার আগামীদিনে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি রবীন্দ্র দেববর্মা, হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড: ফণীভূষণ জামাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেজামারা সাবজোনাল চেয়ারম্যান পরিতোষ দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের উপঅধিকর্তা সঞ্জীব দেববর্মা।

Recent Posts