এসআইআর : মোহনপুর মহকুমায় ১ লক্ষ ৩৪ হাজার ৬৬ জন ভোটার রয়েছেন

অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: আগামী ৫ সেপ্টেম্বর থেকে মোহনপুর মহকুমায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-২০২৬ কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস এসআইআর-২০২৬ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকা প্রস্তুতিকরণ, প্রিন্টিং এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিএলওগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

১৪ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্র পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করা হবে। তিনি জানান, আগামী ২১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। ২১ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নোটিশ প্রদান ও দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলবে। ২৩ ডিসেম্বর, ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও জানান, মোহনপুর মহকুমায় মোট তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে। বর্তমানে এই তিনটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬৬ জন।