ভিলেজ কমিটি নির্বাচন: সিপাহীজলা জেলায় লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক, ০৭ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আদেশ জারি করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৬ এর মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ভারতীয় অস্ত্র আইন ১৯৫৯ এর প্রদত্ত ক্ষমতাবলে জেলাশাসক এই আদেশ জারি করেছেন। আদেশে জেলাশাসক জানিয়েছেন, কর্তব্যরত পুলিশকর্মী, আধা সামরিক বাহিনী, সশস্ত্রবাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। আদেশে জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার পরেও যদি কারও কাছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent Posts