অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: বিভিন্ন জাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতিকে মজবুত করার জন্য রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে। একে অন্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখে বলিষ্ঠ সমাজ গড়ে তোলার জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজ তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের গৌড়গোবিন্দ ভক্ত বিনোদ সেবাশ্রম এবং নাট মন্দিরে প্রধান নাগরিক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তপ্রজন্মীয় মেলবন্ধন উৎকর্ষসাধনে এক আলোচনাচক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় বলেন, গীতা জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষাদান করে। গীতাকে অনুসরণ করে বর্তমান প্রজন্মকে নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও পৃথিলাপ্রসুন দাস। সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহকারি সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, জিলা পরিষদের সদস্য রঞ্জিত কুমার সরকার প্রমুখ।









