অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৬: আগামীকাল রাজ্যে আয়োজিত হচ্ছে এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা, বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমভি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইজ অ্যাক্ট ইত্যাদি) মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত মামলা, ভোক্তা অধিকার, অন্যান্য ফৌজদারি আপোষযোগ্য বিরোধ এবং চাকরি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি লোক আদালত বেঞ্চ করা হয়েছে।
ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ড. অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা আবেদন জানিয়েছেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।








