অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ধলাই জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ১ কিলোমিটার পর্যন্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ধলাই জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় এক আদেশে জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। তবে গন্ডাতুইসা মহকুমার রইস্যাবাড়ি বাজার এলাকা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।
ধলাই জেলার জেলাশাসক আদেশে জানিয়েছেন, মিলিটারি, প্যারামিলিটারি, আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত রাজ্য পুলিশের কর্মী, ধলাই জেলার পুলিশ সুপারের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, ধলাই জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসকের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, অফিসের জরুরি কাজে নিয়োজিত সরকারি কর্মচারিগণ এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীর চলাচলের ক্ষেত্রে এই বিধিনিষেধে ছাড় রয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








