মানভূমের অধিকার লড়াইয়ের মহান শহীদদের চরণে ‘আমরা বাঙালী’র বিনম্র অর্ঘ্য

মানভূম (বর্তমান পুরুলিয়া) জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার আন্দোলনে যাঁরা জীবন দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা বাঙালী’ দলের ত্রিপুরা শাখা। ১ নভেম্বর (রবিবার) আগরতলায় দলের প্রধান কার্যালয়ের সামনে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই আন্দোলনের শহিদ ও আন্দোলনকারীদের স্মরণ করা হয়।
১৯৫৬ সালের ১ নভেম্বর কেন্দ্রীয় সরকার মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়; বর্তমানে এই অঞ্চলটি পশ্চিমবঙ্গের ‘পুরুলিয়া’ জেলা নামে পরিচিত। বাংলা ভাষা ও নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মানভূমের মানুষের যে দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগ ছিল, মূলত তাদের সেই ইতিহাস স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালী দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, যুগ্ম প্রচার সচিব দুলাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। তাঁরা মানভূম আন্দোলনের শহিদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন।
দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল ওই দিনের কর্মসূচি থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, দেশের নানা রাজ্যে বসবাসরত বাঙালিদের অধিকার নিয়ে খেলা করা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাঙালির ভাষা, সংস্কৃতি ও সংবিধানে দেওয়া অধিকারের সুরক্ষার বিষয়ে কোনো রকম আপস করা চলবে না। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সমস্ত বাঙালিকে নিজেদের অধিকার বজায় রাখার লড়াইয়ে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।
মানভূম আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে বক্তারা বলেন, নিজের ভাষা আর সংস্কৃতি বাঁচানোর লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আমরা কোনোদিন ভুলব না। তাঁদের এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির অধিকার রক্ষা, ঐক্যবদ্ধ থাকা এবং নিজেদের পরিচয় বজায় রাখার ব্যাপারে দল তাদের দৃঢ় অবস্থান আবারও পরিষ্কার করে দিল।
Recent Posts