ধুলে (মহারাষ্ট্র), ৫ নভেম্বর : ফসলের সেচের জল, খরাত্রাণ এবং সম্পূর্ণ কৃষিঋণ মকুবের দাবিতে মহারাষ্ট্রের ধুলে জেলায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ কৃষকরা। বুধবার শিরপুর তালুকের হিসালে গ্রামের কাছে অঙ্কলেশ্বর-বুরহানপুর মহাসড়কে অবস্থান-বিক্ষোভে বসেন স্থানীয় চাষিরা। এর জেরে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কে প্রায় আধ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।
বিক্ষোভকারী কৃষকদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—শুকিয়ে যাওয়া ফসলের সুরক্ষায় পর্যাপ্ত সেচের জলের সরবরাহ নিশ্চিত করা, অবিলম্বে খরাত্রাণ ঘোষণা, খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদান এবং চাষিদের সম্পূর্ণ ঋণ মকুব করা। পাশাপাশি চাষের কাজের সুবিধার্থে দিনের বেলা টানা ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোরালো দাবি জানান তাঁরা।
হিসালে গ্রামের কাছে কৃষকরা ব্যানার হাতে রাস্তায় বসে পড়ায় মহাসড়কের দু’পাশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস মেলার পর আধ ঘণ্টা বাদে বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।









