উত্তরকাশী, ৫ নভেম্বর : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গঙ্গোত্রী জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো গাড়ি। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটে। ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। গাড়িটিতে ৭ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। ২ নিখোঁজ যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান চলছে। জেলাশাসক প্রশান্ত আর্যের নির্দেশে পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ডুবুরিরা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহত একজনকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে।
জানা গেছে, গাংনানি ধর্মকুণ্ডের প্রায় ২০ মিটার আগে ডাবরানির দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পুলিশ, এসডিআরএফ ঘটনাস্থলে যায়। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে| অন্যান্য যাত্রীদের খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হচ্ছে| প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।








