নাগৌর, ৫ নভেম্বর : রাজস্থানের নাগৌরের বাদলিতে একটি বাজির গুদামে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু হয়| দুর্ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল বাহিনী।
বৃহস্পতিবার রাজস্থানের নাগৌরের বাদলি এলাকায় বাজির মশলা তৈরির একটি পটাশিয়াম নাইট্রেটের গুদামে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন শ্রমিক ওই গুদামের ভেতরে আটকে পড়েছেন। পুলিশ ও দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
তহসিলদার নরসিংহ টাঙ্ক বলেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা খবর পেয়েছি যে, দুজনের মৃত্যু হয়েছে|
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মজুত পটাশিয়াম নাইট্রেট থেকে বাজির মশলা তৈরি হতো ওই গুদামে। কী কারণে বিস্ফোরণ হলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ।








