জম্মু, ১৯ নভেম্বর : দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে লস্কর-ই-তৈবা-র শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিকেশ হওয়ার খবরে জম্মুতে উৎসবে মাতলেন ডোগরা ফ্রন্টের সদস্যরা। বুধবার জম্মু শহরের রাজপথে ঢোল বাজিয়ে, মিষ্টি বিতরণ করে এবং নিরাপত্তা বাহিনীর জয়ধ্বনি দিয়ে এই সাফল্য উদযাপন করেন সংগঠনের কর্মী-সমর্থকরা।
এই উদযাপন কর্মসূচি থেকে নিরাপত্তা বাহিনীর বীরত্বকে কুর্নিশ জানানোর পাশাপাশি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন ডোগরা ফ্রন্টের সভাপতি অশোক গুপ্তা। তিনি বলেন, “উপত্যকায় সক্রিয় থাকা শেষ স্থানীয় জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী কুলগাম হামলার যোগ্য জবাব ও প্রতিশোধ নিয়েছে। এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার এক বিরাট জয়।”
কংগ্রেসকে নিশানা করে অশোক গুপ্তা আরও বলেন, “যখনই ভারতীয় সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী কিংবা জম্মু-কাশ্মীর পুলিশ কোনও বড় সাফল্য অর্জন করে, তখনই কংগ্রেস তা নিয়ে প্রশ্ন তোলে। দেশের মানুষ কংগ্রেসের এই মনোভাবকে কখনোই ক্ষমা করবে না।”








