উধমপুর, ১৯ নভেম্বর : গত দুই বছরে জম্মু ও কাশ্মীরে স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগদানের হার প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানালেন জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) নলিন প্রভাত। বুধবার উধমপুরে তিনি জানান, এই দু’বছরে মাত্র দু’জন কাশ্মীরি যুবক লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছিল— যার মধ্যে দু’দিন আগে কুলগামে উমর নিসার নিকেশ হয়েছিল এবং বুধবার কুলগামেই শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাটকে নিকেশ করা হয়েছে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের খতিয়ান তুলে ধরে ডিজিপি নলিন প্রভাত বলেন, “গত ৩৫ বছর ধরে আমরা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে আমরা গোটা সন্ত্রাসবাদী পরিকাঠামো বা ‘টেরর ইকোসিস্টেম’-কে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিচ্ছি।”
সন্ত্রাসবাদীদের আর্থিক ও লজিস্টিক মদতদাতাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের পরিসংখ্যান দিয়ে তিনি জানান, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে ২০২৫ সালে ২৪০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল এবং চলতি বছরে এখন পর্যন্ত ২১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০২৫ সালে ১৫৫টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং চলতি বছরে এখন পর্যন্ত ১২২টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
বক্তব্যের শেষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিজিপি বলেন, “আমি আমাদের ১,৬২৩ জন শহিদকে স্যালুট জানাই, যাঁদের আত্মত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায়।”








