জমির দলিলের সার্টিফায়েড কপি দিতে ১ হাজার টাকা ঘুষ! সিউড়ির রেজিস্ট্রেশন অফিসে হাতেনাতে ধৃত কর্মী

সিউড়ি,১৯ নভেম্বর: জমির দলিলের সার্টিফায়েড কপি দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন এক সরকারি কর্মী। বুধবার বীরভূমের সিউড়িতে জেলা রেজিস্ট্রেশন অফিসে অভিযান চালিয়ে ওই কর্মীকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতিদমন শাখা (অ্যান্টি করাপশন ব্রাঞ্চ)।
দুর্নীতিদমন শাখার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ধৃত ব্যক্তি ওই দফতরের রেকর্ড কিপার পদে কর্মরত ছিলেন। তিনি একজন উচ্চবিভাগীয় করণিক (ইউডিসি) হিসেবেও দায়িত্ব পালন করতেন। অভিযোগ, এক ব্যক্তির জমির দলিলের সার্টিফায়েড কপি পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাঁর কাছে ১ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন ওই সরকারি কর্মী।
অভিযোগের ভিত্তিতে বুধবার দুর্নীতিদমন শাখার আধিকারিকরা পরিকল্পিতভাবে ফাঁদ পাতেন। সেই অভিযান চলাকালীন অভিযোগকারীর কাছ থেকে ১ হাজার টাকা অবৈধভাবে নেওয়ার সময় ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে জেলা রেজিস্ট্রেশন অফিসে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত সরকারি কর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে দুর্নীতিদমন শাখার তরফে জানানো হয়েছে।
Recent Posts