কলকাতা, ১৯ নভেম্বর : এনসিপিআই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবার পোস্টার পড়ল ধর্মতলা এলাকায়। এর আগে ভাইফোঁটার দিন হাওড়া ময়দান এলাকায় তাঁকে নিখোঁজ বলে পোস্টার দিয়েছিল সমাজবাদী পার্টি। বুধবার ফের একইভাবে পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে শহরে। তবে এবার শুধু নিখোঁজ নয়, সাংসদের পদত্যাগের দাবিও তুলেছে সমাজবাদী পার্টি।
রাজ্য সমাজবাদী পার্টির সভাপতি শ্রীকান্ত ঘোষের বক্তব্য, সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনীতি করতে তাঁর আর ভালো লাগে না। সেই কারণে তিনি ফুটবল মাঠে বেশি সময় কাটাচ্ছেন। শ্রীকান্ত ঘোষের অভিযোগ, সাংসদের এই মনোভাবের কারণে শহরের মানুষ তাঁদের প্রাপ্য পরিষেবা ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।
তাঁর প্রশ্ন, রাজনীতি করতে যদি ভালোই না লাগে, তাহলে সাংসদ পদ আঁকড়ে থাকার অর্থ কী? প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি। শ্রীকান্তের বক্তব্য, সাংসদ পদ ছেড়ে দিলে অন্য কেউ শহরের মানুষের হয়ে কাজ করার সুযোগ পাবেন।
সমাজবাদী পার্টির এই পোস্টার কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলা এলাকায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই অভিযোগ ও পদত্যাগের দাবি নিয়ে এখনও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








