জম্মু, ২৬ নভেম্বর : শেষনাগ সড়ক নির্মাণ প্রকল্প ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠেছে বিতর্কের ঝড়। আর এরই মাঝে এবার সামনে এল কংগ্রেসের প্রতিক্রিয়া । শেষনাগ সড়ক নির্মাণ প্রকল্প প্রসঙ্গে বুধবার জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা বলেন , ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (পিসিবি) এই বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করা উচিত।
এদিন তিনি আরও বলেন, নির্মাণকাজের সময় যাতে শেষনাগের মতো সংবেদনশীল অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশের কোনওরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উন্নয়নমূলক কাজের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন এদিন ।









