রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী, দ্রুত সমাধানের নির্দেশ

দেহরাদূন, ২৬ নভেম্বর : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অভাব-অভিযোগ শুনলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনের মুখ্যসেবক সদনে আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের নানা সমস্যার কথা শোনেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ও কার্যকরভাবে সমস্যাগুলির সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এদিন সাধারণ মানুষ রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, জমি সংক্রান্ত বিষয়, আর্থিক সাহায্য, পেনশন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা সংক্রান্ত সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ধামি বলেন, সাধারণ মানুষের সমস্যার সমাধান রাজ্য সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকদের সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষের সমস্যার প্রতি আধিকারিকদের সংবেদনশীল ও দায়িত্বশীল হতে হবে। যাতে সমস্যার সমাধানের জন্য মানুষকে অকারণে সরকারি দফতরে বারবার ঘুরতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
দূরবর্তী ও পাহাড়ি অঞ্চল থেকে আসা মানুষের সমস্যার প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি এবং আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করার উপর জোর দেন তিনি।এদিন ‘ধন্য ধন্য ধামি জি’ গান ও তার পোস্টারেরও আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নির্মল অনুরাগী ও অঞ্জলি অনুরাগী গানটিতে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালনা করেছেন রণজিৎ সিং।
Recent Posts