নজরুল-চেতনায় একদিনের অন্যরকম বইমেলা প্রেস ক্লাব কলকাতায়

কলকাতা, ২৬ নভেম্বর : অশান্তির বাতাবরণ কাটিয়ে উঠতে এবং মানবিক চেতনা জাগ্রত করতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে আজও সমানভাবে প্রাসঙ্গিক, সেই বার্তাই ফের তুলে ধরল নজরুল চর্চা কেন্দ্র ‘ছায়ানট’ (কলকাতা)। এই লক্ষ্যেই বুধবার প্রেস ক্লাব কলকাতার সবুজ লনে খোলা আকাশের নিচে আয়োজিত হলো ‘এক দিনের অন্য বইমেলা’। দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ‘নিপ’ এবং রোটারি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিনব বইমেলায় সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বেশ ভালো সাড়া মেলে।
দুপুরের দিকে দৃষ্টিহীন, বিশেষভাবে সক্ষম এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই বইমেলার উদ্বোধন হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাঙ্গণে ভিড় জমতে থাকে। মেলার মূল আকর্ষণ ছিল ‘ছায়ানট’ (কলকাতা)-এর উদ্যোগে আয়োজিত নজরুলের পুস্তক প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিকের পরিচালনায় ১১ জন মহিলা সঙ্গীতশিল্পী নজরুলের কালজয়ী সৃষ্টি—‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল্ চল্ চল্’ এবং ‘নবীন আশা জাগলো যে রে আজ’ পরিবেশন করেন। বিশেষভাবে উল্লেখ্য, তাঁদের সঙ্গে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও কণ্ঠ মেলানোয় গোটা অনুষ্ঠানে এক অনন্য ও আবেগঘন আবহ তৈরি হয়। পাশাপাশি নজরুলের প্রার্থনামূলক কবিতাও পাঠ করেন ছায়ানটের বাচিকশিল্পীরা। অনুষ্ঠান প্রসঙ্গে ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক জানান, কবি কাজী নজরুল ইসলাম সমাজের সব শ্রেণির মানুষের জন্য কলম ধরেছিলেন। এদিন প্রেস ক্লাবের সবুজ লনে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের কণ্ঠে নজরুলের গান ও কবিতা শুনে তাঁরা অত্যন্ত আপ্লুত। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নজরুল-চেতনা ছড়িয়ে দেওয়াই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
Recent Posts