উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বনমহোৎসব উদযাপিত

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই, ২০২৫: উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বনমহোৎসব আজ ধর্মনগরে অনুষ্ঠিত হয়। বন দপ্তরের উদ্যোগে ধর্মনগরের নর্থ পয়েন্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় জেলাভিত্তিক বনমহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বৃক্ষ হলো মায়ের মতো। অকারণে গাছ না কাটা ও ব্যাপক হারে বৃক্ষরোপণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি রাণী দাস সেন, ধর্মনগর মহকুমা বন আধিকারিক রাকেশ দাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, নর্থ পয়েন্ট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রিন্সিপাল দেবাশিস ভট্টাচার্য প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর। অনুষ্ঠানে নর্থ পয়েন্ট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। বিদ্যালয় প্রাঙ্গণ ও সন্নিহিত এলাকায় অনুষ্ঠানের অতিথিগণ ও ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করেন।

Recent Posts