অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর, ২০২৬: দিব্যাঙ্গজনদের এমনভাবে সক্ষম করে তুলতে হবে যেন তারা নিজেরাই আত্মনির্ভর হয়ে সমাজের মূল স্রোতে সামিল হতে পারেন। এর জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। উন্নয়নের সুফল সমাজের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ মোহনপুর ব্লকের দক্ষিণ তাঁরানগর গ্রাম পঞ্চায়েতে দীঘালিয়া বাজার কালীবাড়ি প্রাঙ্গণে সেবা সংকল্প অভিযান উপলক্ষে আয়োজিত বিশেষ শিবিরের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। এই শিবিরে দক্ষিণ তাঁরানগর গ্রাম পঞ্চায়েতে ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গজনদের রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা প্রকল্পে বিভিন্ন সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়। শিবিরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দিনটিকে একটি সংকল্প গ্রহণের দিন হিসেবে উদযাপন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মূল ভাবনা হলো কেউ পিছিয়ে থাকবেনা, কেউ বাদ পড়বেনা। উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে। তাঁর নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ বিষয়ে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। সমাজের পিছিয়ে পড়া ও বিশেষভাবে সক্ষম মানুষের কাছে দাঁড়িয়ে তাদের স্বনির্ভর করে তোলা এবং রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস ও নিয়তি ভৌমিক, দক্ষিণ তাঁরানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাচরণ ঋষিদাস, এলিমকো-এর প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর ব্লকের বিডিও গোপাল কৃষ্ণ দত্ত। শিবিরে এডিআইপি প্রকল্পের আওতায় দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়।
এরমধ্যে রয়েছে মোটরচালিত ট্রাই সাইকেল, ম্যানুয়াল ট্রাই সাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, সেরিব্রাল পালসি হুইল চেয়ার, রোলেটর, ট্রাইপড/টেট্রাপড, ক্রাচ প্রোস্থেটিক্স ও অর্থোটিক্স, টিল্টিং কিট, কিন্ডল রিডিং সুবিধাযুক্ত স্মার্ট ফোন প্রভৃতি। ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের প্রয়োজন অনুযায়ী হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, সিলিকন কুশন, এলএএস বেল্ট, মেরুদন্ডের বেল্ট, ট্রাইপড/টেট্রাপড/অ্যাক্সিলা ক্রাচ/ওয়াকার, সার্ভিকাল কলার এবং হাটার সহায়ক যন্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রণালয়ের অধীন সংস্থা আর্টিফিসিয়াল লিম্বস ম্যানুফেকচারিং কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলিমকো-এর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, মোহনপুর ব্লক এবং দক্ষিণ তাঁরানগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সন্ধ্যা ৭টায় ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি কার্যালয়, গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং অমৃত সরোবর প্রাঙ্গণে প্রদীপ জ্বালানো হয়।









