ড. শ্যামাপ্রসাদ মুখাজীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান, ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক : মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ০৬ জুলাই,২০২৬: ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনাদর্শের চর্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হতে সহায়তা করবে। একটি শক্তিশালী জাতি গঠনে সাহায্য করবে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মনীষিদের নিয়ে যত বেশি চর্চা হবে ততো সমাজ তথা দেশ উপকৃত হবে। আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে ড. শ্যামাপ্রসাদ মুখাজীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক, প্রখ্যাত শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন একজন অসামান্য ব্যক্তিত্ব যিনি শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং জাতীয় জীবনে অল্প বয়সেই কৃতিত্বের ছাপ রেখে গেছেন। তিনি দেশের ঐক্য, অখন্ডতা এবং জাতীয় সংহতি রক্ষার প্রশ্নে ছিলেন আপোষহীন।
অনুষ্ঠান শুরুর আগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১৩ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী।

পরে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি স্থাপনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল তা কেবল একটি নির্মাণ প্রকল্পের সূচনা নয়, এটি আমাদের ইতিহাস ও জাতীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর এক প্রতীক। এই মূর্তি আগামী প্রজন্মকে মহান এক মনীষির জীবন ও কর্ম সম্পর্কে জানতে এবং দেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। বর্তমান এবং নতুন প্রজন্মের জন্য এই মূর্তি হবে দেশপ্রেম ও জাতীয় চেতনার এক অনুপ্রেরণা কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এমন বহু রাষ্ট্রনায়ক ছিলেন যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, কিন্তু তাদের এই ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা হয়নি।

ড. শ্যমাপ্রসাদ মুখার্জী, পন্ডিত দীনদয়াল মুখোপাধ্যায়ের মতো রাষ্ট্রনায়কগণ আমাদের শিখিয়েছেন কিভাবে দেশের সেবা করতে হয়। তাদের আদর্শকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে আরও উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আজকের দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এই দিনেই আমরা এমন একজন মহান রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখাজীকে পেয়েছি। তাঁর জীবন দর্শন আলোচনা আমাদের সকলকে সমৃদ্ধ করবে এবং দেশের জন্য আত্মত্যাগের মনোবল যোগাবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অখন্ড ভারত গঠনই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য।

তাঁর কর্মজীবনের চিন্তা-চেতনা-ভাবনায় আমরা উদ্বুদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ ভারত গঠনে এগিয়ে যাবে। তিনি বলেন, এই হল প্রাঙ্গণে তাঁর ১৩ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে আগামী তিন চার মাসের মধ্যেই। দ্বিতীয়ত, আগরতলা কাসারিপট্টি তে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে একটি পেপারলেস, সিভিল কর্পোরেট হসপিটালও স্থাপন করা হবে বলে তিনি জানান।
ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তির ভূমি পূজন অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক মিনারানী সরকার, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত এবং আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ উপস্থিত ছিলেন।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখাজীর জীবনী নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও টাউনহল প্রাঙ্গণে তাঁর জীবনের বিভিন্ন মুহুর্তের ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ প্রদর্শনীটি ঘুরে দেখেন।

Recent Posts

ড. শ্যামাপ্রসাদ মুখাজীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান, ড. মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক প্রখ্যাত শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক : মুখ্যমন্ত্রী