অনলাইন ডেস্ক, ২১ জুলাই, ২০২৬: প্রয়াত রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরকে আজ সচিবালয়ে এবং রাজ্য পুলিশের সদর দপ্তরে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রয়াত ডিজিপির মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগপত জেলায় তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়াত ডিজিপির অন্ত্যেষ্টি করা হবে। প্রয়াত রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আজ সকালে তাঁর মরদেহ সচিবালয়ে আনা হয়।
এখানে তাঁর মরদেহে পুষ্পস্তবক দিয়ে একে একে শ্রদ্ধা জানান, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক রঞ্জিত দেববর্মা, মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা। এছাড়াও শ্রদ্ধা জানান প্রধান সচিব শ্রী শান্তনু, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্যে এবং ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী সহ বিভিন্ন দপ্তরের সচিবগণ, আরক্ষা দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারগণ।
প্রয়াত ডিজিপিকে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়নে অনুরাগ ধ্যানকরের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মত এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তাঁর মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাজ্য আরক্ষা দপ্তর ছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রদত্ত বিভিন্ন দায়িত্বে তিনি সফলতার সঙ্গে কাজ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি।
মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অনুরাগের সাথে গত ১৮ জুলাই শেষ কথাবার্তা হয়েছিল। তাঁর এই হঠাৎ মৃত্যুবরণ সম্পর্কে মনের ভাব প্রকাশ করার কোনও ভাষা নেই বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন, গতকাল তাঁর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যসচিব ও অন্যান্য সচিবদের নিয়ে তিনি পুলিশ সদর দপ্তরে ছুটে গিয়েছিলেন। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত অনুরাগের মৃত্যুর প্রকৃত তথ্য উদঘাটনের জন্য আইনানুগ সকল ব্যবস্থাই সরকার গ্রহণ করবে। তিনি এই কঠিন সময়ে প্রয়াত অনুরাগের পরিবার পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জানান।
প্রয়াত রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মরদেহ আজ সকালে প্রথমে পুলিশ সদর দপ্তরে আনা হয়। সেখানে প্রয়াত ডিজিপিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং, ভারপ্রাপ্ত ডিজিপি জি.এস. রাও, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার সহ আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ। এরপর প্রয়াত পুলিশ মহানির্দেশকে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য সচিবালয়ে।









