অনলাইন ডেস্ক, ২৯ জুলাই, ২০২৬: জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি’র উদ্যোগে এবং অ্যাপোলো চিলড্রেনস হাসপাতাল, চেন্নাই’র সহযোগিতায় আজ আগরতলা সরকারি নার্সিং কলেজের কনফারেন্স হলে, আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে একটি জন্মগত হৃদরোগ স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়।
রাজ্যের আটটি জেলার আর বি এস কে’র মোবাইল হেলথ টিম কর্তৃক প্রাথমিকভাবে শনাক্ত ও রেফার করা মোট ১১৯ জন শিশু এই শিবিরে অংশগ্রহণ করে। অ্যাপোলো চিলড্রেনস হাসপাতালের অভিজ্ঞ শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা প্রত্যেক শিশুর হৃদরোগ পরীক্ষা সম্পন্ন করেন। স্ক্রিনিং শেষে ৪০ জন শিশুর হৃদরোগের অস্ত্রোপচার প্রয়োজন বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেন। এছাড়া ৪৭ জন শিশুকে ছয় মাস পর পুনরায় পর্যালোচনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পূর্বে অস্ত্রোপচার সম্পন্ন হওয়া ২৭ জন শিশুর ফলো-আপ মূল্যায়ন করা হয় এবং ৫ জন শিশুর হৃদযন্ত্র সম্পূর্ণ স্বাভাবিক পাওয়া গেছে।
শিবিরটি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের সকল জেলার আর বি এস কে’র মোবাইল হেলথ টিম শিশুদের শনাক্তকরণ, অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং শিবিরে উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা ভবিষ্যতেও জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, সময়োপযোগী চিকিৎসা, প্রয়োজনীয় অস্ত্রোপচার এবং নিয়মিত ফলো-আপ নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।









