উদয়পুরে সি-সার্ভস কর্মসূচির উদ্বোধন, করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই, ২০২৬: ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে আগ্রহী ১৬ থেকে ২৩ বছর বয়সী তরুণীদের উৎসাহিত ও প্রস্তুত করে তুলতে আজ গোমতী জেলায় ‘সি-সার্ভস’ শীর্ষক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। উদয়পুরের পঞ্চায়েতীরাজ প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের সূচনা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার। মহিলাদের ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং জাতীয় সেবামূলক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার দেশের উন্নয়ন, দেশের সুরক্ষা, সমাজ গঠনে মহিলাদের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের।

তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি তপন কুমার দাস, গোমতী জেলার এসপি অনির্বাণ দাস, বিএসএফ-র ৩৭ ব্যাটালিয়নের ইন্সপেক্টর রেশমি নিয়োগী, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এর ডেপুটি কমান্ডেন্ট ডা. রিনি বিষ্ণুই, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক বিপ্লব ঘোষ প্রমূখ। সি-সার্ভস কর্মসূচির অঙ্গ হিসেবে কারিগরি অধিবেশনে ‘এমপাওয়ারিং ইয়ং ওমেন ফর ক্যারিয়ার ইন দি ডিফেন্স ফোর্সেস’ বিষয়ের উপর আলোচনা করেন ৩৭ ব্যাটালিয়ন বিএসএফ এর ইন্সপেক্টর রশ্মি নেগি, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ডেপুটি কমান্ডেন্ট ডা. রিনি বিষ্ণুই, বিএসএফ এর ৮১ ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর রচনা। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের সুযোগ, যোগ্যতা, শারীরিক ও মানসিক প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়া এবং কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণীদের মধ্যে দেশসেবার মানসিকতা গড়ে তোলা, নেতৃত্বের গুণাবলি বিকাশ করা এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে কর্মজীবন গড়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা ইত্যাদি।

Recent Posts