নেশা মুক্ত ভারত অভিযান উপলক্ষে ধর্মনগরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর ষষ্ঠ বর্ষ উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে গতকাল উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিজয় সিনহা, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক দেবযানী চৌধুরী, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক শুভম ভগবান তাইতে সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

এছাড়া জেলার আটটি ব্লকের বিডিওগণ ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন।
সভায় জেলাজুড়ে নেশা মুক্ত ভারত অভিযানটিকে সফল করে তুলতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ব্লক পর্যায়ে সচেতনতা কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা ও তদারকির জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন জনবহুল স্থানে শর্ট ফিল্ম প্রদর্শন ও পথ নাটকের মাধ্যমে যুবসমাজ ও সর্বসাধারণের কাছে নেশাবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে যাতে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বা তামাকজাত সামগ্রী বিক্রি করা না হয়, সে বিষয়ে দোকানগুলিতে কঠোর নজরদারি চালানোর জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় প্রতিটি অফিসে, বিদ্যালয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে নেশা বিরোধী শপথ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Recent Posts