জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে গোমতী জেলায় পদযাত্রা

অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: আগামী ২৩শে সেপ্টেম্বর ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ গোমতী জেলায় এক রাজ্য স্তরের পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়।
এছাড়াও এই পদযাত্রায় অংশগ্রহণ করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস, বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্র জমাতিয়া, ত্রিপুরা সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ দিলীপ কুমার গোস্বামী, আয়ুশ ব্রাঞ্চ অফিসার ডাঃ গৌরী শঙ্কর ভৌমিক, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, আয়ুর্বেদ বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। প্রথমে পদযাত্রা মাতাবাড়ি বের থেকে হয় এবং চন্দ্রপুর স্কুল মাঠে শেষ হয়।

পদযাত্রায় অংশ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অভিষেক দেবরায় আয়ুর্বেদের সুপ্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশীয় আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার উপর নতুন করে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলস্বরূপ, আজ আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে বহু জটিল ও দুরারোগ্য ব্যাধি নিরাময় করা সম্ভব হচ্ছে।” তিনি সাধারণ মানুষকে ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও আয়ুর্বেদ ওষুধের ব্যবহারে উৎসাহিত করেন। অন্যদিকে জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে গত ২০ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত সমগ্র গোমতী জেলাজুড়ে একাধিক বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি সমন্বিত আয়ুষ হাসপাতাল এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে বিনামূল্যে আয়ুর্বেদ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা অভিযান, ভিএইচএনডি এবং ইউএইচএনডি স্তরে স্বাস্থ্য আলোচনা ও শপথ গ্রহণ এবং আশাকর্মীদের ওরিয়েন্টেশনের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল, আরআইপিএসএটি, অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যানসার কেন্দ্র সহ রাজ্যের বিভিন্ন আয়ুষ চিকিৎসাকেন্দ্রে ধন্বন্তরীর আরাধনার মধ্য দিয়ে এই মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।

Recent Posts