দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরায় দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে আজ সোনারতরী গেস্ট হাউজের কনফারেন্স হলে দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে সভার সূচনা করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দক্ষতাভিত্তিক ক্ষেত্রে প্রতিভাবান যুবক যুবতীদের চিহ্নিত করা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, গত বছর রাজ্যের ৪ জন অংশগ্রহণকারী আঞ্চলিক স্তরের প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছিল। এবছর রাজ্যের এনকর ইনস্টিটিউটের যুবক যুবতীদের প্রশিক্ষিত করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেট ফ্রেম ওয়ার্কের মাধ্যমে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হবে। এর ফলে রাজ্যের প্রতিভাবান যুবক যুবতীরা নিজেদের দক্ষতাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ পাবে। ইন্ডিয়া স্কিল কম্পিটিশানের মাধ্যমে প্রতিযোগিরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। তিনি বলেন, রাজ্যের যুবক যুবতীরা যাতে দক্ষতা উন্নয়নে নিজেদের আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারে সে লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকার কাজ করছে।

সভায় এনএসডিসি’র স্টেট এনগেইজমেন্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সিনহা ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশানের উপর বক্তব্য রাখেন। ডিএসডি সুপ্রিতি চক্রবর্তী স্টেট স্কিল কম্পিটিশান ফ্রেম ওয়ার্কের উপর বক্তব্য রাখেন। সভায় এনকর ইনস্টিটিউট, নেলিট আগরতলা, সিআইপিইটি আগরতলা, এনআইটি আগরতলা, এসআইএইচএম, এমএসএমই টুল রুম, এনবিআই আরডি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Recent Posts