রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আন্তরিক: বনমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আন্তরিক। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস অনুর্দ্ধ ১৭ মেয়েদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে চলেছে। যুব শক্তিকে সঠিক ধারায় পরিচালিত করতে না পারলে সমগ্র সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্যসচেতক কল্যাণী সাহা রায় বলেন, খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার ইতিবাচক প্রভাব যাতে খেলার মাঠে পড়ে তার জন্য খেলাধুলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া আধিকারিক দীবাকর দেবনাথ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকুল দাস, খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বিষ্ণুপদ চক্রবর্তী। এই ফুটবল প্রতিযোগিতায় ৯টি দল অংশ নিয়েছে।

Recent Posts